দক্ষিনদিনাজপুর

রক্তদান শিবির ও চারা গাছ বিলির মধ্য দিয়ে মেয়ের জন্মদিন উদযাপন করলেন এক পরিবেশবিদ

মেয়ের জন্ম দিনে রক্তদান শিবির ও গাছের চারা বিলির মধ্য দিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করলেন এক পরিবেশবিদ। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ওই পরিবেশবিদের পাশে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে পরিবেশ দূষণমুক্ত রাখতে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। 

        জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার দিশারী এলাকার বাসিন্দা তথা পরিবেশবিদ তুহীন শুভ্র মণ্ডল, তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। তার স্ত্রীও সরকারি কর্মী। তাদের একমাত্র মেয়ে তনুশ্রী মণ্ডল। মেয়ের জন্মদিন একটু অন্য ভাবে পালন করার ইচ্ছে ছিল এই দম্পতির। মেয়ের ৬ তম জন্মদিন ছিল ১৬ মার্চ, শুক্রবার। তবে মাধ্যমিক পরীক্ষা চলায় তারা রবিবার ছুটির দিনটিকে বেঁছে নিয়েছেন। এদিন স্থানীয় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করেন তুহিনবাবু। শুধু রক্তদান নয় এলাকার শিশুদের মধ্যে খাতা, কলম ও পেনসিল তুলে দেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে দেওয়া হয় একটি করে গাছ। এই রক্তদান শিবিরে ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে জানা যায়। পাশাপাশি রক্তদানে অংশ নেয় তনুশ্রীর পরিবারও। এমনকি রক্তদানে অংশগ্রহণ করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী।  স্বাভাবিক ভাবেই জন্মদিন পালনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

        এবিষয়ে পরিবেশবিদ তথা স্কুল শিক্ষক তুহীন শুভ্র মণ্ডল জানিয়েছেন, তার মেয়ের জন্মদিনে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদান শিবির ও গাছের চারা বিলি করে খুশি। আগামী দিনে এমন ভাবেই মেয়ের জন্ম দিন পালন করতে চান বলে তিনি জানিয়েছেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/W2MaQilSEsk